ফুটবল খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় গতকাল শুক্রবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক জহির রায়হান এই টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রকৃত ক্রীড়া-প্রতিভা উঠে আসবে বলে তিনি আশা করেন। একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে পারেন। ভালো খেলোয়াড়েরা কখনো মাদক সেবন করেন না। খেলোয়াড়েরা মাদক থেকে দূরে থাকেন।
আয়োজক সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলার ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নক-আউট পদ্ধতিতে এ খেলা চলছে। গতকাল উদ্বোধনী খেলায় গত বছরের চ্যাম্পিয়ন মিরপুর উপজেলা দল ভেড়ামারা উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে। ৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার প্রলয় চিসিম, ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, স্থানীয় সরকারের উপপরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা জাসদের (ইনু) সভাপতি গোলাম মহসিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, সোনালী ব্যাংক কুষ্টিয়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অঞ্জন কুমার বোস প্রমুখ।