কুষ্টিয়ায় ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাক টার্মিনাল দখলের অভিযোগে বড়বাজার রেলগেট এলাকায় গতকাল রোববার বেলা ১১টা থেকে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে শহরে ব্যবসার প্রাণকেন্দ্র বড়বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ব্যবসায়িক কাজকর্ম স্থবির হয়ে পড়ে।
কুষ্টিয়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাবু অভিযোগ করেন, পৌরসভার অনুমতি নিয়ে ২০ বছর ধরে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় গড়াই নদের পাশের খাস জমি ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কয়েক দিন ধরে সেখানে স্থানীয় যুবলীগ নেতা মামুন ও তাঁর লোকজন মিলে টার্মিনালের জায়গা দখল করে বাঁশ-খুঁটি দিয়ে দোকান বানিয়ে এর পজিশন বিক্রি করছেন।
জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, জায়গা দখলের বিষয়টি সঠিক নয়। দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে উভয় পক্ষের লোকজন আলোচনা করে সমস্যার সমাধান করবেন।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।