কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের এক নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়া শহরের দিকে আসছিল। এ সময় কুষ্টিয়া শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে শহরের চৌড়হাসের দিকে যাচ্ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে ইজিবাইকটি আরেকটি ইজিবাইককে অতিক্রম করতে ট্রাকের সামনে মুখোমুখি হয়। এ সময় ট্রাকের গতি থাকায় জোরে ব্রেক করলে সড়কের ডান পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে ইজিবাইক চাপা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি উদ্ধারের পর নিচ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইজিবাইকের চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকে থাকা ভুট্টার বস্তা সড়কে পড়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বস্তা সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে হতাহত কারও পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।