কুষ্টিয়ায় ট্রাকচালক নিহতের ঘটনায় মামলা, আসামি ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম কিবরিয়া (২৮) নামের একজন ট্রাকচালক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল শনিবার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তির বড় ভাই তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বাসের চালক সুজন আলী (২৫) ও চালকের সহকারীকে আসামি করা হয়েছে। সুজন আলীকে পুলিশ গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দয়রামপুর গ্রামে। তবে চালকের সহকারীর নাম জানা যায়নি। তিনি পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, নিহত কিবরিয়ার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।