কুষ্টিয়ায় ট্রাকচালক হত্যায় সহকারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকচালক হত্যা মামলায় চালকের সহকারী কবির হোসেনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতে এ রায় হয়।
কবির হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুন কবিরপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক শ্যামল কুমার রায় ও কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথরভর্তি ট্রাক নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথে দুজনের মধ্যে টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যা সাতটার দিকে ট্রাকটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় পৌঁছায়। তখন ট্রাকটি থামিয়ে কবির শ্যামলকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শ্যামল কুমারের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ভেড়ামারা থানায় হত্যা মামলা হয়।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কবিরে বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি। রায় ঘোষণার পর কবিরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।