কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু, আধা ঘণ্টা চলাচল বন্ধ
কুষ্টিয়া শহরের মজমপুর গেটসংলগ্ন সুখনগর বস্তিতে ট্রেনে কাটা পড়ে জরিনা খাতুন (৪০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০:১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গোয়ালন্দ খুলনা লাইনে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতি ট্রেন গোয়ালন্দে যাচ্ছিল। কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটের সুখনগর বস্তিতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জরিনা খাতুনের মৃত্যু হয়। লাশ ট্রেনলাইনের মধ্যে পড়ে থাকায় সে সময় কুষ্টিয়া স্টেশনে শাটল ট্রেন সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে।কুষ্টিয়া কোর্ট স্টেশনের সহকারী মাস্টার আবদুল কাদের বলেন, পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করলে, আধাঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।