কুষ্টিয়ায় ঠিকাদারকে রড দিয়ে পিটিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্রে কাজ না পেয়ে ক্ষুব্ধ ছাত্রলীগের ক্যাডাররা প্রথম শ্রেণীর এক ঠিকাদার সরোয়ার হোসেনকে (৪৫) লোহার রড দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন। খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার ২০ লাখ টাকা ব্যয়সাপেক্ষ একটি সেতুর নির্মাণকাজের জন্য ৫২ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন।এর মধ্যে ৪৮ জন সর্বনিম্ন একই দামে দরপত্র দেওয়ায় লটারি করা হয়। ২ ডিসেম্বর লটারির তারিখ নির্ধারিত থাকলেও মিরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা ঠিকাদারদের হুমকির কারণে ভয়ে সব ঠিকাদার চলে যান। ফলে ৭ ডিসেম্বর লটারির তারিখ আহ্বান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ওই দিন কোনো ঠিকাদার উপস্থিত না থাকলেও লটারি হবে। লটারিতে ঠিকাদার সরোয়ার হোসেন কাজ পান। এরপর থেকে আওয়ামী লীগের ক্যাডাররা কাজ ছেড়ে দেওয়ার জন্য সরোয়ারক বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।হাসপাতালে চিকিৎসাধীন ঠিকাদার সরোয়ার বলেন, ‘গত রোববার সন্ধ্যায় রুহুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫ জনের একটি দল কাজটি তাদের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি রাজি না হওয়ায় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। মামলা দিলে আমার ও পরিবারের সদস্যদের চরম মূল্য দিতে হবে বলে তারা হুমকি দিচ্ছে।’এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বলেন, ‘গত রোববার আমি ঢাকায় ছিলাম। তবে আমার অনুসারী ছেলেরা কিছু করলে তা আমি জানি না।’মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারি কাজের বিরোধ নিয়ে সরোয়ারকে মারধর করা হয়েছে। তবে থানায় কোনো অভিযোগ আসেনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’