কুষ্টিয়ায় ডাকাতের হামলায় ১১ গরু ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুণ্ডি মাঠে ট্রাক ডাকাতির সময় ১১ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জাহাঙ্গীর হোসেন (৩৫) ও আবদুর রশীদ (২৮) নামে দুজনকে আটক করেছে। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।দৌলতপুুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রাম থেকে ব্যবসায়ীরা একটি ট্রাক ভাড়া করে নীলফামারীর উদ্দেশে গরু কেনার জন্য রওনা দেন। রাত ১০টার দিকে খলিশাকুণ্ডি এলাকায় পৌঁছালে রাস্তার ওপর কলাগাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা বাধা দেয়। ট্রাক থামলে ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫ জনের একদল ডাকাত ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় ট্রাকের চালক একজনকে চিনতে পারেন। পরে তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রাতেই খলিশাকুণ্ডি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে।আহত গরু ব্যবসায়ীরা অভিযোগ করেন, চালক ইচ্ছে করলে ট্রাক চালিয়ে দ্রুত চলে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। চালক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁদের কাছে থাকা প্রায় চার লাখ টাকা ডাকাতেরা নিয়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।