কুষ্টিয়ায় তরমুজ খেয়ে অসুস্থরা আশঙ্কামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তরমুজ খেয়ে অসুস্থ ১৮ জনের সবাই এখন আশঙ্কামুক্ত। ইতিমধ্যে ছয়জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে তরমুজ খেয়ে এক শিশুর মৃত্যু ও ১৮ জনের অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাতজনের একটি তদন্ত দল গতকাল সোমবার কুমারখালীর কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে এসে তরমুজের নমুনা সংগ্রহ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তদন্ত দলের প্রধান আইইডিসিআরের প্রাদুর্ভাব তদন্ত কর্মকর্তা (ওআইও) ওলিউর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। তদন্তে যেসব তথ্য-উপাত্ত ও নমুনা পাওয়া গেছে, তা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কারণ জানা যাবে।’ গত শুক্রবার রাতে বেড় কালোয়া গ্রামের পোশাক শ্রমিক আসকর আলী ঢাকা থেকে ফেরার পথে কুমারখালী রেলগেট বাজারে মফজেল হোসেনের কাছ থেকে একটি বড় তরমুজ কেনেন। বাড়িতে যাওয়ার পর শনিবার সকালে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তরমুজ খাওয়ার পর ১৯ জন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় আসকরের মেয়ে সঞ্চৃতি খাতুন (৯) মারা যায়।
কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানান, তরমুজ বিক্রেতা মফজেল হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।