কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৯

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তরমুজ খেয়ে একই বাড়ির ২০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থ ব্যক্তিদের মধ্যে আজ রোববার স্মৃতি খাতুন (৮) নামের এক শিশু মারা গেছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়ায় গ্রামে আসকার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আসকার আলীর মেয়ে। অসুস্থ সবাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আসকারের ছেলে অনিককে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিত্সাধীন আসকার আলী প্রথম আলোকে জানান, ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি কুমারখালী রেলগেট বাজার থেকে ২০০ টাকা দিয়ে বড় আকারের তরমুজ কিনে বাড়ি যান। গতকাল শনিবার সকাল নয়টার দিকে তাঁর স্ত্রী ওই তরমুজ কেটে ছেলেমেয়েসহ বাড়ির অন্যদের দেন। বিকেলের দিকে কয়েকজনের পেট ও মাথাব্যথা দেখা দেয়। রাতের দিকে সবার বমি হতে থাকে। অবস্থা খারাপ দেখে আজ সকালে এলাকাবাসী তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাঁর দাবি, তরমুজ খাওয়ার সময় অন্য রকম গন্ধ পাওয়া গিয়েছিল।
আসকারের স্ত্রী রেবেকা খাতুন বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) শুইনি কী কইরবেন। যারা তরমুজে বিষ দিছে তাদের কিছু কইরতি পাইরবেন?’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবুল হাসনাত বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক শিশু মারা গেছে। ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাইকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তরমুজটি কোনো রাসায়নিক দিয়ে পাকানো ছিল। এ কারণে বিষক্রিয়া হয়েছে। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে আনতেও দেরি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, তরমুজ খেয়ে অসুস্থ ব্যক্তিদের সারি সারি করে রাখা হয়েছে। তাঁদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা। রোগীদের নিকট আত্মীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন।