কুষ্টিয়ায় তরুণ গ্রেপ্তার রিভলবার ও পাঁচটি ককটেল উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রাম থেকে রাজু আহমেদ (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুুলিশ। পরে তাঁর স্বীকারোক্তিতে একই উপজেলার চৌদ্দমাইল নামক এলাকার একটি এতিমখানার পেছন থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি রিভলবারসহ পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশের ভাষ্যমতে, শুক্রবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম আব্দালপুর গ্রামে অভিযান চালিয়ে রাজু আহমেদকে তাঁর বাড়ি থেকে আটক করে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর হেফাজতে অস্ত্র ও বোমা রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেন।রাজুর বাবা রিয়াজুল বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে তার মুদিখানা দোকানে রাজুকে রেখে জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি এসে জানতে পারেন ছেলেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ধরে নিয়ে গেছে। রাজু কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই বলে জানান। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজু ওই এলাকার শীর্ষ পলাতক চরমপন্থী নেতা কালুর সক্রিয় আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি জিডি রয়েছে। পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে গতকাল শনিবার দুপুরে আদালতে নেওয়া হয়।