কুষ্টিয়ায় তরুণকে হত্যা, বরিশালে লাশ উদ্ধার
কুষ্টিয়ায় এক তরুণ খুন হয়েছেন। বরিশাল নগরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের মাঠ থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আসাদুজ্জামান ওরফে শাওন (২৪) নামে এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসাদুজ্জামান ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে আসাদুজ্জামান বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পান।
গতকাল সকাল নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা গ্রামের পাশে মাঠের ভেতর আসাদুজ্জামানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শাওনের বড় ভাই আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এলাকার কিছু বখাটে ছেলে মাঠের পাশে বটতলায় জুয়া খেলত ও মাদকের ব্যবসা করত। জুয়া খেলা ও মাদক ব্যবসা না করার জন্য আমরা দুই ভাই নিষেধ করি। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে কয়েক দিন আগে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এসব কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে।’
কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী বলেন, লাশের গায়ে কোপানোর একাধিক চিহ্ন দেখা গেছে। তদন্ত চলছে। দোষীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েক দিন আগে হত্যা করে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়।
লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউনিয়া থানা-পুলিশ ও স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গতকাল বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবর রহমান বলেন, অজ্ঞাত ওই যুবককে কয়েক দিন আগে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।