কুষ্টিয়ায় তিন দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার তিন উপজেলায় পৃথক তিন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের জাকির হোসেনের ছেলে হিটু (২৫) ও খোকসা উপজেলার কলা ব্যবসায়ী সানোয়ার হোসেন (৬০)।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের চালক হিটু গুরুতর আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বেলা একটায় কলা ব্যবসায়ী সানোয়ার উদ্দিন বাইসাইকেলে কুমারখালী যাচ্ছিলেন। মোড়াগাছা ক্লাব মোড়ে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে রাজবাড়ীতে মারা যান তিনি।
এদিকে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে মিরপুর উপজেলার কচুবাড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।