কুষ্টিয়ায় তিন ভবনে ফাটল, সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের পাঁচতলা বিপণিবিতান ইব্রাহীম প্লাজাসহ তিনটি ভবনে ফাটল দেখা দিয়েছে। গত শনিবার বিকেলে জেলা প্রশাসন ভবনগুলো সিলগালা করে দেয়। এদিকে রাজবাড়ীর চিত্রা সিনেমা হলের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল রোববার দুপুরে সেটি সিলগালা করা হয়েছে।কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় জনগণের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে সিলগালা করা হয়েছে। পৌরসভার প্রকৌশলী ভবনগুলো পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইব্রাহীম প্লাজায় ফাটল দেখে সেখানকার এক ব্যক্তি জেলা প্রশাসককে মুঠোফোনে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখে ভবনটি সিলগালা করে দেন। এরপর শহরের বড় বাজারে একটি পরিত্যক্ত তিনতলা এবং পাশের আরেকটি তিনতলা ভবনে ফাটল দেখে সেগুলোও তিনি সিলগালা করে দেন। কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভবনগুলো দেখতে সহকারী প্রকৌশলীদের পাঠানো হয়েছে। তাঁদের প্রতিবেদন পেলে মন্তব্য করতে পারব।কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীন মিয়া বলেন, কুষ্টিয়া শহর ও হাউজিং এলাকায় ছোটবড় ৫০৭টি ভবন ঝুঁকিতে রয়েছে। স্বাধীনতাযুদ্ধের আগে তৈরি করা পুরোনো এসব ভবনে সরকারি-বেসরকারি কয়েক হাজার মানুষ বাস করে। এসব ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া বলেন, জেলা শহরের প্রধান সড়কের পাশে ঝুঁকিপূর্ণ একটি ভবনে দীর্ঘদিন ধরে আক্তারুজ্জামান মিয়া নামের এক ব্যক্তি সিনেমা প্রদর্শন করে আসছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের নির্দেশে গতকাল ভবনটি পরিদর্শন শেষে সেটি সিলগালা করা হয়।