কুষ্টিয়ায় তিনটি আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক
কুষ্টিয়া শহরে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের চর আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২ এর সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার সেনপাড়া গ্রামের আবদুস সালাম, কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের শাহাজান, দৌলতপুর উপজেলার মহামঞ্চদপুর গ্রামের গিয়াস উদ্দিন এবং একই এলাকার ফুলশাদ বিশ্বাস।
র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার কৌশিক আহমেদ বলেন, কয়েকজন অস্ত্রব্যবসায়ী চর আমলাপাড়া এলাকায় একটি বাড়িতে বসে অস্ত্র কেনাবেচা করছে-এমন খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি সাটারগান, ১০টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং ওই চার ব্যক্তিকে আটক করা হয়।
কৌশিক আহমেদ জানান, ফুলশাদ বিশ্বাস কয়েক বছর আগে ভারত থেকে পাচার করে আনা সাতটি আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়েছিলেন।