কুষ্টিয়ায় তুলার চাষ বেড়েছে দাম নিয়ে শঙ্কা কৃষকের
কুষ্টিয়া অঞ্চলে এ বছর বাণিজ্যিক ভিত্তিতে তুলার ব্যাপক চাষ হয়েছে। দেশের মোট উৎপাদনের এক-পঞ্চমাংশ তুলা কুষ্টিয়া থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারায় বেশি তুলার চাষ হয়। এর মধ্যে দৌলতপুর উপজেলার প্রাগপুর, আদাবাড়িয়া ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে উন্নত জাতের তুলার চাষ করা হয়েছে। চলতি মৌসুমে কুষ্টিয়া ইউনিটে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় নয় হাজার হেক্টর জমি। চাষ হয়েছে সাত হাজার ৫৩ হেক্টরে, যা থেকে ৩০ হাজার বেল তুলা উৎপাদিত হবে।সরেজমিনে দেখা গেছে, দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ও ধর্মদহ মাঠে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর হাইব্রিডের পাশাপাশি দেশে উদ্ভাবিত উন্নত জাতের তুলার চাষ করেছেন কৃষকেরা। এসব অঞ্চলের কৃষকেরা তামাকের বিকল্প ফসল হিসেবে বেছে নিয়েছেন তুলা। দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের তুলাচাষি ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, তিনি ১৯৭৮ সাল থেকে তুলা চাষ করে আসছেন। গত বছর তিনি ২০-২২ বিঘায় তুলা চাষ করেছিলেন। বিঘাপ্রতি ১১-১২ মণ তুলা উৎপাদন হয়েছে। সব খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা লাভ হয়েছে। তাই এ বছর তিনি ৩৫ বিঘা জমিতে তুলার চাষ করেছেন। কিন্তু বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বাড়ায় এ বছর বেশি খরচ হচ্ছে। তাই দাম না বাড়ানো হলে লাভ না-ও হতে পারে। একই এলাকার গোলাম মোস্তফা ৩০ বিঘা, গোলাম সরোয়ার ১০ বিঘা এবং ধর্মদহ গ্রামের নিজাম উদ্দিন দুই বিঘা জমিতে তুলা চাষ করেছেন। তাঁরা সবাই গত বছর ভালো দাম পেয়েছেন। কিন্তু এবার তুলা ঘরে উঠলেও সরকার এখনো পর্যন্ত দাম নির্ধারণ না করে দেওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা।সম্প্রতি চাষিদের নিয়ে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের নির্বাহী পরিচালক ইন্তাজুল ইসলাম।ইন্তাজুল ইসলাম জানান, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে তুলার ব্যাপক চাষ হচ্ছে। সরকার যদি একটু সুনজর দেয়, তাহলে তুলা ও সুতার চাহিদা দেশ থেকে পূরণ করা সম্ভব এবং কৃষকেরা তুলা চাষে আরও উদ্বুদ্ধ হবেন। তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া জোনের প্রধান কর্মকর্তা সেন দেবাশীষ বলেন, তুলা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি মাটিতে পানির ধারণক্ষমতা বাড়ায়। তুলাগাছের ঝরা পাতায় হেক্টরপ্রতি সাত থেকে আট টন জৈব সারের সরবরাহ হয়। গাছের শিকড় অন্যান্য ফসলের তুলনায় মাটির নিচে যাওয়ার কারণে মাটির ওপরের অংশের পানি সাশ্রয় হয়।