কুষ্টিয়ায় তৃতীয় মাসে কোভিড রোগী বেড়েছে ২৫ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রথম মাসের তুলনায় তৃতীয় মাসে বেড়েছে ২৫ গুণের বেশি। কমিউনিটি ট্রান্সমিশন বৃদ্ধির কারণে রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে বলে চিকিৎসকেরা মনে করছেন। ঈদুল আজহার আগে ও পরে আরও রোগী বাড়ার আশঙ্কা করছেন তাঁরা।

জেলা করোনা প্রতিরোধ কমিটি ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল জেলায় প্রথম দুজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এরপর এক মাস গড়ে প্রতিদিন এক থেকে দুজন করে রোগী শনাক্ত হতে থাকে। ২৩ মে এক মাসে ১ হাজার ৪৮৭ জনের নমুনা সংগ্রহ করে রোগী শনাক্ত হয় মাত্র ৩৪ জন। যা নমুনা সংগ্রহের মাত্র দুই ভাগ। ওই মাসে কোনো রোগী মারা যাননি।
দ্বিতীয় মাসে (২৩ মে–২২ জুন) জেলায় ৩৬১ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এই মাসে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৬৭ জনের। পজিটিভ শনাক্তের হার ছিল ১১ শতাংশের বেশি। সেই মাসে কোভিড আক্রান্ত হয়ে চারজন মারা যান।
আর তৃতীয় মাসে ২১ জুলাই পর্যন্ত ৪ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পজিটিভ শনাক্ত হয় ৮৭৬ জনের। এই হার ছিল ২০ শতাংশের বেশি। আর মারা যান ২৪ জন কোভিড রোগী।
চিকিৎসা–সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকেরা বলছেন, জেলায় ঈদুল ফিতরের আগ পর্যন্ত রোগীর সংখ্যা কম হওয়ার কারণ ছিল কমিউনিটি ট্রান্সমিশন কম ছিল। কিন্তু ঈদের দুই দিন আগে মার্কেট খুলে দেওয়ায় মানুষজন বাইরে বের হয়েছিল। পরে দেখা যায় ঈদের পর রোগী বাড়তে শুরু করে। যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে যায়, তাই এই সময় প্রশাসনের কঠোর লকডাউনে তেমন কাজে আসেনি। আর গত এক মাস জেলায় মানুষের চলাচল ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সংক্রমণ ছড়াতে থাকে।
এই সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে কুষ্টিয়া পৌর এলাকায়। ২১টি ওয়ার্ডে প্রায় ৪ লাখ বাসিন্দার মধ্যে অন্তত সাড়ে ৬০০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই পৌরসভায় মারা যাওয়ার সংখ্যাও বেশি। মোট মারা যাওয়ার অর্ধেকের বেশি পৌর এলাকার বাসিন্দা। এক কথায় বলা যায়, কুষ্টিয়া পৌর এলাকা করোনার হটস্পটে পরিণত হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ও আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বরত সমন্বয়ক এ এস এম মুসা কবির প্রথম আলোকে বলেন, বর্তমানে জেলায় কোথাও কোনো লকডাউন নেই। কোরবানির ঈদ ঘিরে মানুষজন পশুর হাটে যাচ্ছে। সেখানে সামাজিক দূরুত্বের কোনো বালাই নেই। তাই ঈদের পর সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই কমিউনিটি ট্রান্সমিশন কমাতে হলে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে থাকলেও প্রত্যেককে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হতে বারবার বলা হচ্ছে। নিজেকে রক্ষা করতে হলে নিজেকেই সবকিছু মেনে চলতে হবে।