কুষ্টিয়ায় দরপত্র কিনতে সাংসদের ভাইয়ের বাধা!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হাটবাজার ইজারার দরপত্র কিনতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকেন চৌধুরীসহ তাঁর লোকজন হাটবাজারের দরপত্র কিনতে বাধা দিয়েছেন বলে সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪২১ সনে উপজেলার ১২টি ইউনিয়নের ২৮টি হাটবাজার ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে ২৫টি হাটের সরকারি সম্ভাব্য দর ধরা হয়েছে এক কোটি ১৩ লাখ ২৪ হাজার ৩৫০ টাকা। সোনাইকুণ্ডি, হোসেনাবাদ ও সিরাজনগর পশুহাটের সম্ভাব্য দর উল্লেখ করা হয়নি। গত বৃহস্পতিবার ইউএনওর কার্যালয় থেকে দরপত্র বিক্রি শুরু হয়। গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্র কেনার শেষ সময় ছিল। রোববার ও গতকাল ইউএনওর কার্যালয়ে সাধারণ ঠিকাদারেরা দরপত্র কিনতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, টোকেন চৌধুরীর নেতৃত্বে তাঁর লোকজন ঠিকাদারদের শিডিউল কিনতে বাধা দেন। হুমকি-ধমকি দিয়ে ঠিকাদারদের উপজেলা পরিষদ চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার বলেন, রোববার দরপত্র কিনতে গেলে টোকেন চৌধুরী ও তাঁর লোকজন বাধা দেন। গতকালও বাধার কারণে তাঁরা দরপত্র কিনতে ব্যর্থ হয়েছেন। দরপত্র কেনার চেষ্টা করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়।
দরপত্র কিনতে গিয়ে বাধা পেয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এমন এক ঠিকাদার জানান, রোববার দরপত্র কিনতে গেলে টোকনের নেতৃত্বে তাঁর ভাতিজা মিন্টু চৌধুরী, মহন, শাহজাহান, শহীদুল তাঁদের বাধা দেন। দরপত্র কিনতে না পেরে তিনি ফিরে আসেন। গতকালও দরপত্র কিনতে পারেননি। তিনি আরও বলেন, এ রকম আরও ২০ জন ঠিকাদার দরপত্র কিনতে গিয়ে বাধা পেয়ে ফিরে গেছেন।
ঠিকাদার মোস্তফা কামাল বলেন, রোববার দুপুরে দরপত্র কিনতে গেলে টোকেনের লোকজন ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে আসেন।
টোকেন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই, আমি এসব কাজে থাকি না। জামায়াত-বিএনপির লোকজন সম্মানহানির জন্য এসব রটাচ্ছে।’
ইউএনও মোকতার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।