কুষ্টিয়ায় দরপত্র নিয়ে হামলায় দুই আ.লীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে গতকাল সোমবার ঠিকাদারি কাজের দরপত্র কেনা নিয়ে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ারদারকে আটক করেছে পুলিশ।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রায় ৩৩ শ্রেণিতে ১ কোটি ২০ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল এই কাজের দরপত্র কেনার শেষ দিন। তবে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাধার মুখে সাধারণ ঠিকাদারেরা দরপত্র কিনতে পারেননি। পাশাপাশি আওয়ামী লীগের অন্য নেতা বা তাঁদের সমর্থকেরাও বাধার মুখে পড়েন। দুপুর ১২টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হকের পক্ষের কর্মী মজিবর রহমান ও কাউসার আলী দরপত্র কিনতে আসেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ও মসলেম উদ্দিন তাঁদের দরপত্র কিনতে বাধা দেন। প্রতিবাদ করলে তাঁদের লাঠিপেটা করেন ফেরদৌস, আশরাফুল ও তাঁদের সমর্থকেরা।
তবে যুবলীগের নেতা আশরাফুল ইসলাম এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।
আহত মজিবর ও কাউসারকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাউসার হোসেন বলেন, এই দুজনের শরীরে মারধরের চিহ্ন রয়েছে। তবে তাঁরা শঙ্কামুক্ত।
মিরপুর উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমার দপ্তরে কোনো ঝামেলা হয়নি। তবে শুনেছি আমার অফিসের বাইরে একটু ঝামেলা হয়েছে। দরপত্র বিক্রিতে কোনো সমস্যা হয়নি।’
মারধরের ঘটনার কিছুক্ষণ পর পুলিশ উপজেলা পরিষদ এলাকার ব্যক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের নেতা ফেরদৌস ওয়াহেদকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে র্যা ব-পুলিশ মোতায়েন করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সকালে উপজেলা চত্বরে একটু ঝামেলা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেননি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি।’