কুষ্টিয়ায় দশ বছরে ৫০টির বেশি পুকুর ভরাট
কুষ্টিয়া পৌর এলাকায় পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। গত এক দশকে শহরের অর্ধশতাধিক পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরের অগ্নিনির্বাপণ-ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুষ্টিয়া সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ জানান, এক দশক আগেও কুষ্টিয়া পৌর এলাকায় সরকারি ও বেসরকারি মিলে প্রায় ৮০টি পুকুর ছিল। এখন সেই সংখ্যা কমে ৫৮-তে দাঁড়িয়েছে। বাকি পুকুরগুলো ভরাট হয়ে গেছে। শহর ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী আড়ুয়াপাড়ার রাজার পুকুর, জুগিয়া এলাকার মাদ্রাসার পুকুর, ফুলতলা এলাকার পচা পুকুর, টালিপাড়ায় আবুল হোসেনের পুকুর, চৌড়হাস এলাকার হিমাগারের পাশের পুকুর, চৌড়হাস বাস টার্মিনালসংলগ্ন দুটি পুকুর, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসংলগ্ন একটি পুকুর, পেয়ারাতলায় মুক্তির পুকুর, আলফামোড় এলাকার চারটি পুকুরসহ শহরের বিভিন্ন স্থানে আরও অনেক পুকুর ভরাট করা হয়েছে। বর্তমানে কুষ্টিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি ভরাট করা হচ্ছে। সেখানে ভবন নির্মাণ করা হবে। এই পুকুরটির আয়তন এক একরের বেশি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইনে বলা হয়েছে, ‘অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক কেন, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাইবে না। কেউ এ বিধি লঙ্ঘন করিলে দুই বছর কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’
কুষ্টিয়ার স্থানীয় পরিবেশ ক্লাব নামে একটি সংগঠন গত বছরের প্রথম দিকে পুকুর ভরাট বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করে। ক্লাবটির সাবেক সভাপতি গৌতম কুমার রায় বলেন, গত এক দশকে কুষ্টিয়া পৌর এলাকায় অর্ধশতাধিক পুকুর ভরাট করা হয়েছে।
তিন বছর ধরে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের একমাত্র কর্মকর্তা জ্যেষ্ঠ রসায়নবিদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘পুকুর ভরাটের কোনো তথ্য জানা নেই। তবে গত রোববার কুষ্টিয়া উচ্চবিদ্যালয়ের পুকুর ভরাটের বিষয়টি জানার পর সেখানে পরিদর্শন করে সত্যতা পেয়েছি। এ ব্যাপারে নোটিশ করা হয়েছে।’
ফায়ার সার্ভিস কুষ্টিয়ার সহকারী পরিচালক নুর হাসান আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে নিকটস্থ পুকুরের পানি একান্ত প্রয়োজন। সেই পুকুর ভরাট হলে আগুন নিয়ন্ত্রণে আনা দুষ্কর হবে। পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান বলেন, ‘ব্যক্তিমালিকানায় যাঁর পুকুর, তিনি ভরাট করে ভবন করছেন। বাধা দিতে পারি না। কিন্তু বিদ্যালয়ের পুকুর ভরাট করা অন্যায়।’
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, পুকুর ভরাটের ব্যাপারে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে যথাসময়ে অবগত করা হয়েছে। তারা চাইলে ম্যাজিস্ট্রেটসহ সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে।