কুষ্টিয়ায় দুই চরমপন্থী গ্রেপ্তার, সাতটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোয়েন্দা পুলিশ গত শনিবার দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে সাতটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তরারকৃত ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রহিম জোয়ার্দার (৪৫) ও একই ইউনিয়নের কাটদহ গ্রামের মনিরুল ইসলাম (৪৮)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাটদহ গ্রামের মনিরুল ইসলামের বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। ওই দিন রাতেই রহিমকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রহিমের বাড়ির গোয়ালঘরে মাটির নিচ থেকে সাতটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। কুষ্টিয়া গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল রোববার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে কুষ্টিয়া আমলি আদালতে নেওয়া হয়।পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, মনিরুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের র্শীষ নেতা শাহিন এবং রহিম জোয়ার্দার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফারুকুজ্জামান জনের নিকটাত্মীয়। ভারতে পালিয়ে থাকা শাহিনের সঙ্গে যোগাযোগ রেখে মনিরুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এলাকার মানুষের কাছে দাবিকৃত চাঁদার টাকা আদায়ের জন্য এসব বোমা তৈরি করা হয়েছিল বলে তাঁরা পুলিশকে জানান।