কুষ্টিয়ায় দুই দল চোরাকারবািরর সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালাপুর সীমান্তে গতকাল সোমবার দুই দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। এ সময় কয়েকটি গুলি এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাগপুর ইউনিয়নের জামালাপুর গ্রামের আরিফ-লালু পক্ষের লোকজনের সঙ্গে নাহার পক্ষের লোকজনের দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে৷ গত রোববার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ গতকাল সকালেও উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে সকাল আটটার দিকে উভয় পক্ষের ৩০-৩৫ জন সশস্ত্র লোক সংঘর্ষে লিপ্ত হয়৷ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ১৫-২০টি গুলিবর্ষণ ও ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
স্থানীয় কয়েকজন জানান, সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ দুই পক্ষের আটজন আহত হয়েছে৷ কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশীস বিন হাসান বলেন, আহত ও গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ তবে গুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে৷