কুষ্টিয়ায় দুই দুর্ঘটনা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

কুষ্টিয়ার সদর উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং সাত পুলিশ সদস্যসহ ২৭ জন আহত হয়েছেন। সদর উপজেলার দুই জায়গায় আজ বুধবার দুর্ঘটনা দুটি ঘটে।

আজ ভোরে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩৩) নামের এক মাইক্রোবাসচালক নিহত হয়েছন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাইক্রোবাসের মধ্যে থাকা পুলিশের সাতজন সদস্য গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাইক্রোবাসচালক খুলনার রূপসা ইউনিয়নের তিলক গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে।

ভর্তি হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম, বশির, হাসান, নায়েক কৌশিক, পুলিশ সদস্য জিয়া, আলামীন ও জাহাঙ্গীর। তাঁরা সবাই খুলনা পুলিশ লাইনে কর্মরত। দিনাজপুর পুলিশ লাইন থেকে খুলনা পুলিশ লাইনের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে বালুবোঝাই একটি ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পুলিশবাহী মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাঁড়ানো ট্রাকে কাউকে পাওয়া যায়নি।

আজই বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে এক পিকনিকের বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হন। কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর দাখিল মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা ছিলেন। তাঁরা সকালে পিকনিকে যাওয়ার জন্য বের হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি পানিতে পড়ে ছিল।

ঘটনাস্থল থেকে পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফর উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে শ্রীরামপুর মাদ্রাসা থেকে দুটি বাস পিকনিকের জন্য বের হয়। একটি বাসে ছাত্রীরা ও আরেকটি বাসে ছাত্ররা ছিল। উভয় বাসেই শিক্ষকেরা ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে খামারপাড়া এলাকায় পৌঁছালে ছাত্র বহনকারী বাসটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এলাকার লোকজনের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। এখনো বাসটি পানির ভেতরে আছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ বলেন, ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। বাসটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি।