কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ ৩০ বাড়িতে আগুন
কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার আধিপত্যের বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া সংঘর্ষের সময় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, এলাকায় আধিপত্যের বিস্তার নিয়ে দরবেশপুর গ্রামের আবু বক্কর মণ্ডল ও জামাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে মীমাংসার জন্য গতকাল আলামপুর ইউনিয়ন পরিষদে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আসার পথে দুপুর ১২টার দিকে ভাদালিয়া বাজারে উভয় পক্ষ বাগিবতাণ্ডায় জড়িয়ে পড়ে এবং হাতাহাতি শুরু হয়। পরে বৈঠকে যোগ না দিয়েই উভয় পক্ষ গ্রামে ফিরে যায় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্ট্যাব্যাপী এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জয়নাল শেখকে (৭০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং রাকিবুল ইসলাম (১৮), কামরুজ্জামান (৪০), নেহাল উদ্দিন (৩৭) ও সাকের মণ্ডলকে (৬৫) রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।গ্রামবাসী জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৩০টি বাড়ি ও তিনটি পানের বরজে আগুন দেওয়া হয়। লুট করা হয় গরু, ছাগল, পান, কলাসহ বিভিন্ন ফসল। আতঙ্কে অনেকে বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে যায়। কুষ্টিয়া দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের একজন সদস্যও আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশন করেছেন। এলাকায় রাতে পুলিশ মোতায়েন করা হবে।আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস বলেন, দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য তাদের ইউপি কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু তারা তা না করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ব্যাপারে আবু বক্কর মণ্ডল ও জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।