কুষ্টিয়ার পাঁচ পৌরসভার মধ্যে তিনটিতে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। খোকসা ও কুমারখালী পৌরসভায় কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। এ দুই পৌরসভার পাঁচ মেয়র পদপ্রার্থী ভোট কারচুপি, জাল ভোট ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
ভোট কারচুপির অভিযোগ তুলে বেলা একটার দিকে কুমারখালীতে বিএনপির মেয়র পদপ্রার্থী তারিকুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান জেমস ও জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ এবং খোকসায় বিএনপির প্রার্থী রাজু আহম্মেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।
লিখিত বক্তব্যে তাঁরা সবাই বলেন, সরকারদলীয় লোকজন প্রভাব বিস্তার করে ভোট কেটে নিয়েছে।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা—এই পাঁচ পৌরসভার অন্তত ৩০টি কেন্দ্র ঘুরে দেখেছেন এই প্রতিবেদক। এ সময় কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুরে ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে।
তবে বেলা ১১টার দিকে খোকসা ও কুমারখালীতে গিয়ে অভিযোগ পাওয়া যায়, সেখানে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, কারচুপি ও জাল ভোট পড়েছে। এ দুই পৌরসভায় আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী ছিলেন। তবে কয়েকজন ভোটার বলেন, যেসব জায়গায় সংঘর্ষ হয়েছে, তাতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা জড়িত।
বেলা ১১টার দিকে কুমারখালী পৌরসভার আদর্শ ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। এ সময় বেশ কিছু ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কেন্দ্রসংলগ্ন একটি পুকুরে ১০০ ব্যালট পেপারের একটি বই ভাসতে দেখা যায়। এক আনসার সদস্য পানিতে নেমে সেটি উদ্ধার করেন। এতে ওই কেন্দ্রে আধা ঘণ্টা ভোট বন্ধ ছিল।
দুপুর ১২টার দিকে খোকসার খোকসা দারুল উলুম দাখিল মাদ্রাসা, কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোকসা জানিপুর পাইলট উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া যায়।
সকাল আটটার দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমারখালী উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ।