কুষ্টিয়া শহরে গতকাল শনিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গতকাল পুলিশ অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। গতকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার একটি ভাড়াবাড়ি থেকে পাংশা উপজেলার বালাম মিয়ার স্ত্রী লাকী খাতুনের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক রেশমা খাতুন বলেন, পারিবারিক কলহের জের ধরে লাকী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শহরের নিশান মোড়ে আয়নুল নামের এক শ্রমিক নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর বাড়ি সদর উপজেলার হরিপুর গ্রামে। গত শুক্রবার কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পশ্চিম মজমপুর এলাকায় পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম সাথী খাতুন (২৬)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের জহুরুল হকের স্ত্রী। গতকাল দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের সামনে থেকে অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ইলিয়াস মুন্সি জানান, সকালে উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে।