কুষ্টিয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাট-পেঁয়াজের হাট

কুষ্টিয়ার কুমারখালীতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাট ও পেঁয়াজের হাট বসানো হয়েছে। এতে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। প্রতি বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পাট ও পেঁয়াজের বড় হাট বসে।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ ও বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। দুটি প্রতিষ্ঠানই কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বাজারে একটি সড়কের দুই পাশে মুখোমুখি অবস্থিত।
বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে স্কুলপ্রাঙ্গণে পাটের হাট বসতে দেখা যায়। কিছু পাট স্কুলের বারান্দাজুড়ে রাখা। পরে ছাত্রদের দিয়ে পাটগুলো নামিয়ে রাখা হয়। হাট বসার বিষয়ে তিনি কিছুই জানেন না।
তিনি আরও বলেন, ‘হাট বসায় স্কুলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। আগামী বৃহস্পতিবার আবারও হাট বসবে।’
গত বৃহস্পতিবার সকাল নয়টায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেল, সকাল থেকেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ভ্যানে করে পাট ও পেঁয়াজ আসতে শুরু করে। সকাল ১০টার মধ্যে কলেজের বারান্দায় পেঁয়াজের স্তূপ জমে যায়। প্রাঙ্গণজুড়ে পাটবোঝাই ভ্যান গাড়িতে ভরে যায়। সেখানে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা জড়ো হতে থাকেন। অন্যদিকে সড়কের অপর প্রান্তে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় পাট রাখা শুরু হয়। সেখানেও পাটবোঝাই ভ্যানগাড়িতে পুরো প্রাঙ্গণ ভরে যায়। বেলা যত গড়াতে থাকে, ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে জমে ওঠে পাট ও পেঁয়াজের হাট। বিভিন্ন হকারের মাইকের শব্দে পুরো এলাকা উচ্চশব্দে মুখর থাকে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বাঁশগ্রামে এই বাজারে পশুর হাট বসে। পশুর হাটটি কলেজের এক পাশে অবস্থিত। তবে ঈদুল আজহার কয়েক সপ্তাহ আগে থেকে কলেজে ও স্কুলপ্রাঙ্গণে পাট ও পেঁয়াজের হাট বসে। প্রতি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টার মধ্যে দুটি প্রতিষ্ঠানের ভেতর পাট ও পেঁয়াজের স্তূপ এবং ক্রেতা-বিক্রেতার ভিড় লেগে যায়। সে সময় প্রধান ফটক দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়ে।
কয়েকজন শিক্ষার্থী বলে, বৃহস্পতিবারে তারা কলেজে কম আসে। হাট বসার কারণে কোনো ক্লাস হয় না। শিক্ষকেরাও এই দিন ঠিকমতো আসেন না।
স্কুলের শিক্ষার্থীরা জানায়, পাটের হাট বসায় স্কুলে লেখাপড়ায় তারা মনোযোগ দিতে পারে না। এমনকি স্কুলপ্রাঙ্গণে চলাফেরা, খেলাধুলাও করতে পারে না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘হাটের সময় ছাত্রীরা চরম সমস্যায় পড়ে। এদিন ছাত্রছাত্রীও কম আসে। ভাবছি সামনে বৃহস্পতিবার ছুটি ঘোষণা দেওয়া হবে। হাট বসায় কলেজ কোনো প্রকার টাকা পায় না।’
বাঁশগ্রাম পশুর হাটের ইজারাদার আজিজুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান বলেন, ‘স্কুল বা কলেজের বারান্দায় হাট বসতে পারে না। এমন অভিযোগও পাইনি। বাঁশগ্রাম বাজারে কলেজের পাশে পশুর হাটের ইজারা দেওয়া আছে। সেখানে পাট ও পেঁয়াজের হাটের বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।’