কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীকে হত্যার দায়ে স্বামীর এবং গলা কেটে কিশোর ভ্যানচালক হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার আদালতে পৃথক মামলায় এ রায় হয়।
কলেজছাত্রী হত্যায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমান ফকিরের ছেলে মো. শিহাব ওরফে শিশির (২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ফুলতলা এলাকার স্নিগ্ধা আক্তার রীমি (২০) কুষ্টিয়া সরকারি কলেজে পড়তেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিহাব তাঁকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা গোপনে বিয়ে করেন। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি স্নিগ্ধা বাড়ি থেকে বের হন। রাত সাড়ে তিনটার দিকে মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে শিহাবের খালার বাড়িতে স্নিগ্ধার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি মিরপুর থানায় হত্যা মামলা হয়।
গতকাল এ মামলার রায় দেন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান।
কিশোর ভ্যানচালককে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মিরপুর উপজেলার স্বরূপদাহ পালপাড়া গ্রামের কামাল হোসেন শেখের ছেলে সন্টু শেখ (২১) ও সলেমান কারিকরের ছেলে মাহাবুল ইসলাম ( ২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ইনামুল মণ্ডলের ছেলে নিশান (১৪) ২০১৫ সালের ২৫ জুলাই সভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি কলাবাগানের ভেতরে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় মিরপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়। পুলিশ মামলাটি তদন্ত করে সন্টু ও কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম গতকাল এ মামলার রায় দেন।
দুটি মামলাতেই আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।