কুষ্টিয়ায় দেড় বিঘা জমিতে লাগানো কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জের ধরে জমিতে লাগানো এক কৃষকের শতাধিক কলাগাছ ও পাটখেত তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আশাগড়ি মাঠে এ ঘটনা ঘটে।
কলাগাছগুলো ওই এলাকার বর্গাচাষি সাবান আলী প্রামাণিকের। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সাবান আলী অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সাবান আলী প্রামাণিক অন্যের জমি বর্গা নিয়ে কলাগাছের আবাদ করেছিলেন। কলাগাছগুলো বেশ বড় হয়েছিল। গতকাল সোমবার সকালে মাঠে গিয়ে দেখতে পান কয়েকটি ছাড়া সব কটি কলাগাছ কেটে ফেলা হয়েছে। পাশেই এক বিঘা জমির পাট তছরুপ করা হয়েছে। কাটা গাছ দেখে তিনি হতাশায় ভেঙে পড়েন। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আহম্মদপুর ক্যাম্পের পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।