কুষ্টিয়ায় ধর্ষণের পর শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় শিশু অর্পা রানী পালকে (৮) ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি তপন কুমার পাল (২২) শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বপন পাল নামের এক ব্যক্তি পরিবার নিয়ে আড়ুয়াপাড়ার এসবি ঘোষ লেনের একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। পাশেই আরেকটি পরিবার ভাড়া থাকত। ২০১৪ সালের ২৮ মার্চ বিকেলে স্বপন পালের মেয়ে অর্পা নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় পাশের বাসার এক কক্ষ থেকে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। সেদিন রাতেই অর্পা রানীর বাবা বাদী হয়ে প্রতিবেশী তপন কুমারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।