কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় একটি চক্র এক, দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রা সরকার বাতিল করেছে এবং এসবের নকল বেরিয়েছে বলে গুজব ছড়িয়ে দিচ্ছে। এতে পণ্য বিক্রেতারা এসব ধাতব মুদ্রা নিতে অস্বীকৃতি জানানোর কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জহির রায়হান গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সরকার আদৌ এক, দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রা বাতিল করেনি। এসব মুদ্রা বাতিলের গুজবে বিভ্রান্ত না হতে ক্রেতা ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসন সব উপজেলায় মাইকে প্রচার চালাচ্ছে। আজ (বুধবার) এ নিয়ে জেলার সব সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।
স্থানীয় লোকজন জানান, ১০ দিন আগে হঠাৎ করে সদর ও ভেড়ামারা উপজেলায় ধাতব মুদ্রা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এ নিয়ে প্রতিদিনই খুচরা ব্যবসায়ী ও পরিবহনে যাত্রীদের সঙ্গে সাধারণ মানুষের বাগ্বিতণ্ডা হচ্ছে। ধীরে ধীরে এ গুজব জেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রধান শাখার এজিএম মীর হাশেম জাহিদ বলেন, এটা একধরনের গুজব।