কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোটিশ দেওয়া এমনকি দাম বাড়ানোর পরও কুষ্টিয়ায় সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। খুলনা বিভাগের সর্বোচ্চ ধান-চাল সরবরাহকারী অঞ্চল কুষ্টিয়া। জেলার চালকল মালিকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগও অর্জিত হয়নি। চালকল মালিকেরা বলছেন, বাজারদরের চেয়ে সরকার-নির্ধারিত মূল্য অনেক কম, তাই তাঁরা লোকসানে ধান-চাল সরবরাহ দিতে পারছেন না। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করা এবং চুক্তি না করায় জেলার ৪৫০টি চালকলের মালিককে গত ১১ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় ১ সেপ্টেম্বর চুক্তিভুক্ত ১৫৮ জন চালকল মালিকের কাছে আবারও নোটিশ পাঠানো হয়। ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি। চলতি বছরের গত ১ মে থেকে কুষ্টিয়ার ছয় উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। গত ৩১ আগস্টের মধ্যে ধান-চাল সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যলয় সূত্রে জানা গেছে, গেল বোরো মৌসুমে জেলার ২২ হাজার ৯২০ মেট্রিক টন চাল ও ৯৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি চালের দাম ধরা হয় ২৫ ও ধান ১৭ টাকা। এতে সাড়া না মেলায় চালের দাম কেজিপ্রতি তিন টাকা বাড়ানো হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত তিন হাজার ৬২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। কোনো ধান সংগ্রহ হয়নি।জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বাবুল বলেন, ‘বাজারের চেয়ে সরকার-নির্ধারিত মূল্য অনেক কম। সরকার অনুমোদন বাতিল করলেও লোকসান দিয়ে চাল সরবরাহ করা যায় না।’ দুই দফা নোটিশ পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসে, তারা চাল বিতরণের সময় দলীয় লোকদের নেয়। আর ধান-চাল সংগ্রহের সময় কম দামে ক্রয় করার জন্য সব চালকল মালিকের ওপর চড়াও হয়।’জেলা খাদ্যনিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন উপজেলার খাদ্য কর্মকর্তারা বোরো সংগ্রহে কাজ করে যাচ্ছেন। কিন্তু কোনো ফল হচ্ছে না। চালকল মালিকদের নোটিশ করা হয়েছে। চাল সরবরাহে ব্যর্থ হলে সরকারি অনুমোদন বাতিল করা হবে। জেলা প্রশাসক আবদুল মান্নান কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।