কুষ্টিয়ায় নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও প্যাকেটজাত করার যন্ত্রপাতি জব্দ করে তারা। গোয়েন্দা পুলিশের দাবি, এসব সিগারেটসহ যন্ত্রপাতির মূল্য এক কোটি টাকার বেশি। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মিরপুর উপজেলার আমলা বাজারের পাশে আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ওরফে সেন্টুর বাড়িতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিসহ বিভিন্ন ধরনের নকল সিগারেট তৈরি করা হয়। রাত তিনটার দিকে সেখানে তারা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পক্ষের লোকজন জানালা ভেঙে পালিয়ে যায়। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা তিনতলা বাড়ির নিচতলাসহ সামনের বিশাল জায়গায় তল্লাশি করে নকল সিগারেটসহ যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের বাড়িতে দুই ব্যক্তি ভাড়া নিয়ে এ নকল পণ্য তৈরি করে আসছিলেন। এটা অবৈধ কারখানা। এ ঘটনায় কারখানায় কাজ করা ১০ থেকে ১৮ বছর বয়সী ১৪ নারী শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।