কুষ্টিয়ায় নছিমন করিমন কারখানা বন্ধে ১৫ দিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় গড়ে ওঠা ভটভটির কারখানাগুলো বন্ধে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যান চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে তারা।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ভটভটি-নছিমন মালিক ও কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান। তিনি সভার শুরুতেই উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, আদালতের নির্দেশ মেনে কুষ্টিয়ার ভেতরে থাকা ১২৩ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোনো অবৈধ যান চলতে পারবে না। যাঁরা ইঞ্জিনচালিত নছিমন-করিমনসহ ভটভটি চালান, তাঁরা মোটরযান চালানোর প্রশিক্ষণ নেবেন। এ বিষয়ে সহযোগিতা করবে জেলা প্রশাসন।
সভায় উপস্থিত কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার সবচেয়ে বড় কারখানার মালিক আবদুর রশীদের কাছে জেলা প্রশাসক জানতে চান, এসব যান তৈরির কোনো অনুমোদন আছে কি না। জবাবে আবদুর রশীদ জানান, কোনো অনুমোদন নেই। নিজেকে এ যান তৈরির ক্ষেত্রে দেশের প্রথম কারিগর দাবি করে আবদুর রশীদ বলেন, প্রায় ২১ বছর ধরে তিনি এ কােজ যুক্ত। হঠাৎ করে বন্ধ করা হলে অনেকগুলো পরিবারের জীবিকা বন্ধ হয়ে যাবে। তিনি ছয় মাস সময় চান।
এ সময় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, ‘আপনার মতো কয়েকটি পরিবারের জন্য জেলার লাখ লাখ মানুষের জীবন নষ্ট হতে পারে না। ...পরিষ্কার কথা, কালকের মধ্যেই কারখানা বন্ধ করে দেবেন।’
একপর্যায়ে জেলা প্রশাসক জহির রায়হান বলেন, ভাদালিয়া এলাকার অবৈধ যানের কারখানাগুলো বন্ধের জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হলো। এর মধ্যে বন্ধ না হলে ১৯ এপ্রিল আইন প্রয়োগ করে সেগুলো বন্ধ করে দেবে প্রশাসন।
জেলা প্রশাসক এসব কারখানার মালিকদের মালিকদের ডিলারশিপ নিয়ে চার চাকার যানের ব্যবসা শুরু করতে বলেন। এ জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, বাস–মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজাউর রহমান, কুষ্টিয়া গ্রামবাংলা নছিমন–করিমন মালিক সমিতির সভাপতি নুরুউদ্দীনসহ সমিতির শীর্ষ নেতারা।
সভায় নুরুউদ্দীন বলেন, ‘আমাদের বিকল্প জীবিকার সুযোগ করে দিলেই চলবে। সরকার ও আদালতের নির্দেশ আমরা মেনে নিলাম।’