কুষ্টিয়ায় নবান্ন উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা
কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নবান্ন উৎসব ১৪২৩ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নানা অনুষ্ঠান হয়।
গতকাল সকাল সাড়ে নয়টায় কুমারখালী শিল্পকলা একাডেমির সামনে থেকে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছা আফরোজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব প্রমুখ বক্তব্য দেন।
বাঙালির প্রাণের উৎসব নবান্ন উদ্যাপনের শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ ছাড়া সদর ও খোকসা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব উদ্যাপন করা হয়। সেখানে গ্রামবাংলার বিভিন্ন ধরনের পিঠা তৈরির আয়োজন ছিল।