কুষ্টিয়ায় নসিমন তৈরির ৫০ কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নসিমন, করিমন, আলম সাধু তৈরির অর্ধশতাধিক কারখানা রয়েছে। এসব কারখানা থেকে দেশের বিভিন্ন স্থানে এসব যান সরবরাহ করা হয়। পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের চাঁদা দিয়েই এসব কারখানা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কর্মকর্তারা এসব কারখানা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।দুর্ঘটনায় প্রাণ হারালেও কুষ্টিয়ার বিভিন্ন সড়কে অবাধে নসিমন, করিমন ও আলম সাধু চলাচল করছে। মহাসড়ক পুলিশের সদস্যরা এসব যানের মালিক ও চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানা ও বিভিন্ন হাসপাতালে দেখা গেছে, গত দুই মাসে (ফেব্রুয়ারি ও মার্চ) নসিমন দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক মালিক বলেন, নসিমন, করিমন ও আলম সাধুর কারখানার মালিক ও চালকদের কাছ থেকে প্রতি মাসে সব মিলিয়ে ১৫ থেকে ২০ লাখেরও বেশি টাকা আদায় করা হয়। আদায় করা টাকা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে চলে যায়। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভাদালিয়া ও স্বস্তিপুর এলাকায় নসিমন ও করিমন তৈরির কারখানা গড়ে উঠেছে। ভাদালিয়া বাজার এলাকায়ই নসিমন ও করিমন তৈরির ৪০টি কারখানা রয়েছে। এসব কারখানা থেকে প্রতিদিন ১০০টির বেশি যানবাহন বিক্রি করা হয়। দেশের প্রায় ৬০টি জেলা থেকে লোকজন এসে এই যান কিনে নিয়ে যায়। মহাসড়কসহ ছয়টি উপজেলার পাকা ও কাঁচা রাস্তায় পাঁচ হাজারেরও বেশি নসিমন ও করিমন চলাচল করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামবাংলা টেম্পো পরিবহন কর্মজীবী সোসাইটি নামে একটি সংগঠন নসিমন, করিমন ও আলম সাধুর মালিক ও চালকদের কাছ থেকে প্রতি মাসে গড়ে ৩০০ টাকা করে আদায় করে। ওই সোসাইটির সদস্য মনির ও শহিদ এ টাকা আদায় করেন। আদায় করা টাকার একটি অংশ স্থানীয় থানা, ক্যাম্প পুলিশ ও মহাসড়ক পুলিশের কাছে পৌঁছে দেন সমিতির নেতারা। অন্যদিকে এসব যান তৈরির কারখানার মালিকদের কাছ থেকে গ্রামবাংলা কৃষি অটোভ্যান মালিক সমিতি নামের আরেকটি সংগঠনের সদস্যরা চাঁদা আদায় করেন। এসব সমন্বয় করেন ওই সমিতির সভাপতি আবদুর রশিদ।খোঁজ নিয়ে দেখা গেছে, গ্রাম থেকে শহর এলাকায় যেসব নসিমন ও করিমন আসে তাদের সবাই বিশেষ এক ধরনের ‘টোকেন’ ব্যবহার করে। নসিমনচালক মোজাম বলেন, টোকেন কাছে থাকলে রাস্তায় কোনো ঝামেলায় পড়তে হয় না। গ্রামবাংলা কৃষি অটোভ্যান মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘নসিমনচালকেরা কোনো টাকা-পয়সা দেয় কি না, তা আমার জানা নেই। তবে আমরা কোনো টাকা-পয়সা কাউকে দিই না।’ পশ্চিমাঞ্চল মহাসড়ক পুলিশের সহকারী পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, হাইওয়ে পুলিশের কোনো সদস্য টাকা আদায় করে বলে তাঁর জানা নেই। তবে চাঁদা আদায়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, নসিমন-করিমন বন্ধের ব্যাপারে বাস ও ট্রাক মালিকেরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন। এ ব্যাপারে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়ার পরও মহাসড়কে অবৈধ এসব যান চলাচল করছে। তিনি আরও জানান, আগামীকাল (আজ ৮ এপ্রিল) জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় এসব যান তৈরির কারখানা বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।