কুষ্টিয়ায় নারীসহ ৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে নারী ও শিশুসহ সাতজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। অসুস্থ একটি গরু জবাই এবং মাংস নাড়াচাড়া করছিলেন তাঁরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ পাল গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা আশঙ্কামুক্ত। আতঙ্কের কিছু নেই। ওই গ্রামে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত নজর রাখছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরগাড়া গ্রামের নাহারুল ইসলামের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। গত ২৬ জুন সেটি জবাই করে মাংস বিক্রি করা হয়। ওই মাংস প্রক্রিয়াকরণ এবং রান্নাবান্নার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, চার দিন পর তাঁরা সবাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। রোগীদের প্রথমে জ্বর, পরে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। তাঁদের কারও হাতের আঙুলে, শরীরের বিভিন্ন অংশে ফোসকার মতো ক্ষত সৃষ্টি হয়েছে। ৮ জুলাই দুজন ও পরের দিন আরও পাঁচজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এই সাতজনের মধ্যে এনামুল হক অসুস্থ গরুটি জবাই করেছিলেন। তিনি বলেন, অসুস্থ গরু জবাইয়ের পর মাংস নাড়াচাড়া করার কারণে তাঁর হাতে ও কপালে ঘা হয়ে গেছে।

আক্রান্ত অপর ছয়জন হলেন মাহাবুল ইসলাম, স্মৃতি খাতুন, আশিক আহমেদ, রাফিউল ইসলাম, হারেজ আলী ও রিজভী আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বলেন, এলাকায় কোনো অসুস্থ গরু জবাই না করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। গবাদিপশুগুলোকে প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে করে এ রোগ ছড়াতে না পারে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান বলেন, গোবরগাড়া গ্রামে পশু সম্পদ কর্মকর্তাকে সার্বক্ষণিক নজর রাখতে বলা হয়েছে। অসুস্থ গুরু জবাইয়ের সঙ্গে যদি কারও সম্পৃক্ত পাওয়া যায় তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।