কুষ্টিয়ায় নিজ ঘরে স্কুলছাত্র খুন
কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় গত বৃহস্পতিবার নিজ ঘরে ইরফান আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। সে কুষ্টিয়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। ইরফানের বাবার নাম জিল্লুর রহমান।ইরফানের মা ইসমত আরা প্রথম আলোকে বলেন, তিনি শহরের একটি ক্লিনিকে সেবিকার চাকরি করেন। ওই দিন সন্ধ্যার পর তিনি ইরফানের মুঠোফোন বন্ধ পান। রাত নয়টার দিকে বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান। তালা খুলে ঘরের ভেতরে বিছানার ওপর ইরফানের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন এসে ঘটনাটি পুলিশকে জানায়।ইরফানের মা আরও বলেন, এলাকায় ইরফানের কোনো বন্ধু ছিল না। তবে স্কুলে আশরাফুল ইসলাম নামে এক বন্ধু ছিল। তার সঙ্গে স্কুলে ইরফান স্কাউটিং করত। আশরাফুল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। শুনেছি স্কাউটিংয়ের নেতৃত্ব নিয়ে ইরফানের সঙ্গে আশরাফুলের মন-কষাকষি চলছিল।এলাকাবাসী জানায়, পাঁচ বছর আগে আমলাপাড়া এলাকার জিল্লুর রহমানের সঙ্গে ইসমত আরার বিবাহবিচ্ছেদ ঘটে। তিন বছর ধরে ইসমত আমলাপাড়ার উপেন্দ্রনাথ চক্রবর্তী লেনের ২৩ নম্বর বাড়ি ভাড়া নিয়ে বাস করছেন।জিল্লুর রহমান বলেন, ছেলের পড়ালেখার জন্য তিনি টাকা দিতেন। তাঁর ধারণা, আশরাফুলসহ কয়েকজন মিলে ইরফানকে খুন করেছে।পুলিশ জানায়, ইরফানের মায়ের সন্দেহ অনুসারে আশরাফুলের বাবা-মাকে রাতেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা জানিয়েছেন, আশ-রাফুল কদিন আগে তাঁদের সোনার গয়না চুরি করেছিল।আশরাফুলের মা আলা-বানী বুশরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আশরাফুল ও ইরফান ভালো বন্ধু ছিল। কাজেই তাঁর ছেলে ইরফানকে মারতে পারে না। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে তিনি থানা হেফাজতে আছেন। তবে আশরাফুল কোথায় আছে, জানতে চাইলে তিনি বলেন, সে জেলার বাইরে আছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, খোঁজ নিয়ে জানা গেছে, আশরাফুল বখাটে ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, আশরাফুলসহ কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে ইসমত আরা থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আশরাফুলকে পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি জানান, ইরফানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওই হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ইরফান মেধাবী ছাত্র ছিল। তবে আশরাফুল বখাটে ছিল কি না, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে কেউ তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি।