কুষ্টিয়ায় নৌকাডুবি ঠেকাতে স্টিকার
নৌকাডুবি ঠেকাতে কুষ্টিয়া জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ঈদের দিন কুষ্টিয়ার দৌলতপুরে বৈরাগীর চরে নৌকাডুবির পর দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিটি নৌকার ধারণক্ষমতা নির্ণয় করে ইজারাদারের মাধ্যমে একটি স্টিকার দেওয়া হবে। ওই স্টিকারে নৌকার সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতার কথা উল্লেখ থাকবে। নৌকায় এর চেয়ে বেশি সংখ্যক যাত্রী কোনোক্রমেই বহন করা যাবে না। যদি কেউ এ আদেশ অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট নৌকাচালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খেয়া আইন ১৮৮৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, বৃহস্পতিবারের মধ্যে যাত্রী বহনকারী সব নৌকায় স্টিকার লাগানোর কাজ শেষ হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নৌকাডুবি অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঈদের পর সংঘটিত দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ১১ জনের সলিল সমাধি হয়।
প্রতিবছর বর্ষায় বিভিন্ন জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটে। ফিটনেসবিহীন নৌকা ব্যবহার, চালকের অদক্ষতা ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হয়। এবার কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় নৌ পারাপারে ব্যবহূত নৌকার ধারণক্ষমতার বিষয়ে তথ্য সংগ্রহ করে ডেটাবেজ তৈরি করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা এ কাজে সহায়তা করছেন।