কুষ্টিয়ায় আরও ৯ লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১০ জনের লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে দুজন।
গত মঙ্গলবার ঈদের দিনে আনন্দভ্রমণে গিয়ে বিকেল চারটার দিকে নৌকাটি ডুবে যায়। নৌকায় মাঝিসহ ১৯ জন ছিলেন। এর মধ্যে সাতজন তীরে পৌঁছাতে সক্ষম হন। নিখোঁজ হন ১২ জন। গতকাল বুধবার সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করা হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার করা হয় নয়জনের লাশ।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল থেকে আট কিলোমিটার দূরে রায়টাঘাট এলাকা থেকে তিনটি, তালবাড়িয়া এলাকা থেকে দুটি ও পোলদিয়াড় এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।’

দুপুরনাগাদ নৌকাডুবির স্থান থেকে একটি, কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর থেকে একটি ও কুষ্টিয়ার খোকশা উপজেলা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হওয়া নয়টির মধ্যে একটি লাশ শনাক্ত করা যায়নি।
আজ উদ্ধার হয়েছে শাহাজুল ইসলাম (২৪), শিপন আলী (২২), স্বপন আলী (২২) সাবরিনা সিদ্দিকা ওরফে বিভা (২০), কালু মালিথা (১৮), শিখা খাতুন (১৮) ও বীথি আক্তার (১০), ইমরান (৮) ও অজ্ঞাত এক কন্যাশিশুর লাশ।
শনাক্ত হওয়া লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীর এনায়েতপুর এলাকা থেকে মালা আক্তার ওরফে পলি নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়।
মেয়ে নিখোঁজ, মিলল মায়ের লাশ