কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়েছে, বাড়েনি রাজশাহীতে
কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি আরও বেড়েছে। এতে নদীর দুই তীরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে রাজশাহীতে এ নদীর পানি নতুন করে না বাড়ায় জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা স্থিতিশীল রয়েছে।
পদ্মার পানি কয়েক দিন ধরে বাড়তে থাকায় গতকাল শনিবার বা আজ রোববারের মধ্যে এ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে শুক্রবার জানিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পদ্মার পানি বেড়ে যাওয়ায় গতকাল কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার নিম্নাঞ্চল আরও প্লাবিত হয়। জেলা পাউবোর একজন কর্মকর্তা সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে পদ্মা যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। গত ১০ বছরের মধ্যে পানির উচ্চতা বিপৎসীমার এত কাছে আসেনি। সন্ধ্যা ছয়টায় হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পদ্মার প্রধান শাখা গড়াই নদের পানি বৃদ্ধিও অব্যাহত আছে। এই নদসংলগ্ন কুষ্টিয়া রেনউইক বাঁধ এলাকায় পানির তীব্র স্রোত থাকায় কুষ্টিয়া শহরের নদতীরবর্তী হরিপুর ও বোয়ালদহ এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী নৈমূল হক প্রথম আলোকে বলেন, দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বাঁধের ভেঙে যাওয়া অংশে বালুর বস্তা ফেলা হয়েছে; যাতে পানি উপচে না পড়ে। দৌলতপুর, ভেড়ামারা ও কুষ্টিয়া শহর রক্ষা বাঁধসহ সব বাঁধ এলাকা গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পানি আরও বাড়ায় দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে চারটি গ্রাম। এর আগে সেখানে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন অনেকেই। পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানিবন্দী রয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।
চিলমারী গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে তাঁরা পানিবন্দী রয়েছেন। ঘরের সবকিছু পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ঘরে রাখা ফসল। এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
রাজশাহীতে পদ্মায় গতকাল নতুন করে পানি বাড়েনি। সেখানে পানি বিপৎসীমা থেকে ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।