কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় সড়ক সংস্কারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে।পরিবহন-মালিক ও শ্রমিকেরা জানান, প্রশাসন, পরিবহন-মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের পর গতকাল বেলা একটা থেকে বাস-ট্রাক চলাচল শুরু হয়েছে।গতকাল সকাল ছয়টা থেকে পরিবহন-মালিক ও শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এ ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে সকাল ১০টা থেকে সার্কিট হাউসে বৈঠক শুরু হয়। প্রশাসন তাদের সাধ্যমতো সড়ক সংস্কার করবে, এ কথা জানানোর পর দুপুর ১২টায় বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।জেলার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বৈঠকে বলেন, পরিবহন শ্রমিকেরা চাঁদাবাজি করছেন, এমন অভিযোগ পুলিশের কাছে আছে। এ ব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বৈঠকে জেলা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান আবারও দাবি করেন, কোনো টাকা নেই। তিনি যতটুকু পারেন, রাস্তা মেরামতে ততটুকু করার চেষ্টা করবেন।