কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সড়ক সংস্কারের দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রত্যাহার করা হয়েছে। মালিক-শ্রমিক নেতারা তাঁদের কার্যালয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন।এ নিয়ে গত চার মাসে তিনবার সকালে ধর্মঘট ডেকে সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটল। গত মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে সড়ক সংস্কারের দৃশ্যমান কাজ শুরু হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে মালিক-শ্রমিক নেতারা ঘোষণা দিয়েছিলেন।গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে জেএসসি পরীক্ষার্থীসহ হাজার হাজার যাত্রী। আটকা পড়ে কাঁচামাল-বোঝাই কয়েক শ ট্রাক ও বাস। সকালে কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যেতে দেখা যায়নি। শ্রমিকেরা রাস্তার ওপর দাঁড়িয়ে সব ধরনের যানবাহন আটকে দেন। এমনকি কুষ্টিয়ার ওপর দিয়ে বিআরটিসি গাড়িসহ উত্তর ও দক্ষিণবঙ্গের গাড়িও চলতে দেননি। সন্ধ্যায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমানসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠকে গ্রুপের সভাপতি শিহাব উদ্দিন বলেন, ‘সড়ক এতটাই খারাপ যে গাড়ি চালালে আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর না চালালে কম ক্ষতি হচ্ছে।’নির্বাহী প্রকৌশলী বৈঠকে বলেন, ‘মহাসড়কের ব্যাপারে বিভিন্ন মহল থেকে কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি নিজেও চলতে গিয়ে বুঝতে পারি, সড়ক কতটা খারাপ। তবে তিনি আশ্বস্ত করেন, একজন ঠিকাদার কাজ শুরু করেছেন। বাকিরাও আগামী কয়েক দিনের মধ্যে কাজ শুরু করবেন।’সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের প্রায় ১৮ কিলোমিটার সড়ক জরুরি পুনর্বাসনের আওতায় সংস্কার করা হবে। ফেব্রুয়ারি মাসে আট কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় আট কোটি টাকার একটি দরপত্র সম্পন্ন হয়। গত মাসেও ১২ কিলোমিটারের জন্য সাড়ে ১০ কোটি টাকার দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার কাজটি সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে। তবে কোনো কাজেরই ফান্ড তহবিল নেই। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যে অর্থ পাওয়া যাবে।