আট ঘণ্টা পর কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় আজ মঙ্গলবার পরিবহন-সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি শুরুর আট ঘণ্টা পর দুপুর দুইটার দিকে প্রত্যাহার করা হয়েছে।
গত শনিবার রাতে জেলা বাস মিনিবার মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন দুলাল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। খুনিদের গ্রেপ্তারে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আজ ভোর ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়।
দুপুর দুইটার দিকে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি আতাহার আলী প্রথম আলো ডটকমকে জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পাওয়ায় তাঁরা পরিবহন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, খুনিদের ধরতে পুলিশি অভিযান চলছে।