কুষ্টিয়ায় পাট জাগ দিতে কৃষকের অতিরিক্ত খরচ
কুষ্টিয়ায় পানির অভাবে কৃষকেরা স্বাভাবিকভাবে পাট জাগ দিতে পারছেন না। অনেকে বাধ্য হয়ে খেতেই গর্ত করে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি তুলে পাট জাগ (পচন) দিচ্ছেন। আবার কেউ কেউ বিকল্প পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন। এতে তাঁদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর কুষ্টিয়া জেলায় ৩৪ হাজার ৮৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৪৮ বেল। পানির অভাবে কৃষকেরা আঁশ ছাড়ানোর জন্য পাট জাগ দিতে পারছে না।মিরপুর ও দৌলতপুর উপজেলায় ঘুরে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব উপজেলায় খাল-বিল নেই বললেই চলে। যে কয়টি আছে, সেগুলোতেও পর্যাপ্ত পানি নেই। ফলে কৃষকেরা পাট জাগ দিতে পারছেন না। তাঁরা আরও জানান, এক বিঘা জমিতে চাষ থেকে শুরু করে পাটের আঁশ ঘরে তোলা পর্যন্ত সাড়ে সাত হাজার টাকা খরচ হয়। শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে পানি উঠিয়ে জাগ দিতে হলে প্রতি বিঘায় অতিরিক্ত এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করতে হয়। দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পাটচাষি ফয়জুল ইসলাম বলেন, পর্যাপ্ত পানির অভাবে তিনি পাট পচাতে পারছেন না।কাতলামারী গ্রামের কৃষক হাসিবুল ইসলাম বলেন, পুকুরে পাট জাগ দিতে ৫০ লিটার তেল খরচ করে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে পানি দিতে হয়েছে। একই গ্রামের নুরুল ইসলাম বলেন, পাট জাগ দিতে বিদ্যুৎ খরচ করে পাটখেতে পানি উঠাতে হয়েছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান, পাট পচিয়ে আঁশ ছাড়ানোর জন্য কৃষকেরা পর্যাপ্ত পানি পাচ্ছেন না। অনেক জায়গায় বিকল্পব্যবস্থায় পচালেও পাটের মান ভালো হচ্ছে না। তবে ইতিমধ্যে ৫০ শতাংশ জমির পাটগাছ কেটে তা পচিয়ে আঁশ ছাড়ানো হয়েছে।