কুষ্টিয়ায় পানীয় তৈরির অবৈধ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা শহরের মিলপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) তৈরির অবৈধ কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় র‌্যাব সদস্যরা সেখান থেকে কয়েক লাখ টাকার পানীয়, বোতল ও শক্তিবর্ধক পানীয় তৈরির সরঞ্জাম উদ্ধার এবং কারখানার মালিকসহ তিনজনকে আটক করেন। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র‌্যাব ও আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের মিলপাড়া এলাকার আয়েশা কুঞ্জ নামের একটি ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে স্থানীয় তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল শক্তিবর্ধক পানীয় তৈরি করে আসছিলেন। খবর পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার মধ্যরাতে সেখানে অভিযান চালান। তাঁরা সেখান থেকে বিক্রির জন্য সাজিয়ে রাখা হর্স পাওয়ার, সিনজেনসহ বিভিন্ন অননুমোদিত ব্র্যান্ডের সাত হাজার বোতল শক্তিবর্ধক পানীয়, পানীয় তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলেন। ঘটনাস্থল থেকে তাঁরা কারখানার মালিক তাজুল ইসলাম (৫৫), কর্মকর্তা বসির উদ্দিন (৪৭) ও শ্রমিক নাসিম উদ্দিনকে (৫০) আটক করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানার সামনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেঞ্চদ তাজুল, বসির ও নাসিমকে কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করায় তাজুল ইসলামকে এক বছর এবং বসির উদ্দিন ও নাসিম উদ্দিনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।