কুষ্টিয়ায় পার্টিকেল বোর্ড তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
কুষ্টিয়ার বিসিক শিল্পনগরে এমআরএস ইন্ডাস্ট্রিজের পার্টিকেল বোর্ড তৈরির কাঁচামাল পাটখড়ির স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ অগ্নিকাণ্ডে কোটি টাকার পাটখড়ি পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, বিআরবি গ্রুপের পার্টিকেল ও মেলামাইন বোর্ড উত্পাদনকারী প্রতিষ্ঠান এমআরআস। ওই কারখানার পেছনে উন্মুক্ত চত্বরে প্রায় দুই একর জমির ওপর রাখা বিশাল পাটখড়ির স্তূপে বেলা তিনটার দিকে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা ও কুমারখালীর দমকল বাহিনীর সাতটি ইউনিট। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এমআরএসের বাজারজাতকরণ কর্মকর্তা মওদুদ আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেলে আগুন লাগার সংবাদ পেয়ে কারখানায় যাই। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া দমকল বাহিনীর সহকারী পরিচালক লিয়াকত আলী বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।