কুষ্টিয়ায় পিপির বিরুদ্ধে সাংসদের অভিযোগের তদন্ত শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের অভিযোগের তদন্ত আজ রোববার শুরু হচ্ছে।সাংসদ আফাজ উদ্দিন কৌঁসুলি নুরুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিতে গত মার্চে আইনমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। এতে অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগ চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ কে জি মোস্তফাকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত করে। আজ রোববার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা জজের খাসকামরার সম্মেলনকক্ষে তদন্তকাজ শুরু হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি/পিপি) মশিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।যোগাযোগ করা হলে পিপি নুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সাংসদ আফাজ উদ্দিনের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।