কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশ হেফাজতে জাকির সাদিক (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাকির উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরপ্রাগপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন জাকির সাদিককে ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। তিন মাস কারাগারে থাকার পর সেপ্টেম্বরে তিনি ছাড়া পান। পরবর্তী সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
শনিবার ভোরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করে দুপুর দুইটার দিকে থানায় পাঠান। রাত ১০টা ২৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌনে ১১টার দিকে তিনি মারা যান। জাকিরের মা রোকেয়া খাতুন অভিযোগ করেন, চিকিৎসার অবহেলায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল আলম জানান, জাকির হেরোইন সেবন করতেন। ধারণা করা হচ্ছে, থানায় নেওয়ার পর নেশা করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন।