কুষ্টিয়ায় পুলিশের গাড়ি থেকে ছিনতাইকারী ছিনতাই!
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এক ছিনতাইকারীকে কেড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে শহরের ব্যস্ততম এলাকা মজমপুর ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছিনতাইকারীসহ অন্যদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে একটি ছুরিসহ আকবর আলী নামের এক ছিনতাইকারীকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। এরপর গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য ওই ছিনতাইকারীকে তাঁদের ব্যবহূত মাইক্রোবাসে করে থানায় নিয়ে আসছিলেন। বেলা একটার দিকে গাড়িটি মজমপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মাইক্রোবাসের চারপাশের কাচ ভেঙে যায়। এলোপাতাড়ি মারধরে গাড়ির চালকও আহত হন। এ সময় পুলিশের কাছ থেকে ছিনতাইকারী পালিয়ে যায়। গোয়েন্দা পুলিশের এএসআই মনির হোসেন প্রথম আলোকে বলেন, সাদ্দাম বাজার এলাকা থেকে ওই ছিনতাইকারীকে ধরে গাড়িতে করে থানায় পাঠিয়ে তিনি বাসায় ফিরে যান। পরে শুনতে পান, মজমপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করেছেন।